আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের কোটা শহরে একটি তিনতলা ভবন ধসে পড়ায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কোটা শহরের তালওয়ান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনটির ভেতরে একটি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছিল। ভবন ধসে পড়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খবর দ্যা টাইমস অব ইন্ডিয়া।
এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবন ধসের সময় রেস্তোরাঁয় কয়েকজন ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
ঘটনার পরপরই সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা। তিনি গণমাধ্যমকে বলেন, ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে। তার ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা থাকতে পারেন। পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানান, ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
উদ্ধার অভিযান এখনও চলছে। পরিস্থিতি অনুযায়ী আরও ভারী যন্ত্রপাতি আনা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।