আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে ন্যূনতম আট বছর দেশটিতে বসবাস, নির্ধারিত আয়ের মানদণ্ড পূরণ এবং সুইডিশ সমাজ ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ডানপন্থী সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ২০১৫ সালে প্রায় ১ লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থী সুইডেনে আশ্রয় চাইলে দেশটি অভিবাসন নীতি কঠোর করার পথে হাঁটে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে।
সরকারের ধারণা, অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল সাংবাদিকদের বলেন, বর্তমান ব্যবস্থার তুলনায় নতুন শর্তগুলো অনেক বেশি কঠোর। কারণ এখন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রায় কোনো শর্তই নেই।
নতুন নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত আট বছর সুইডেনে বসবাস করতে হবে, যা আগে ছিল পাঁচ বছর। পাশাপাশি আবেদনকারীদের মাসিক আয় কমপক্ষে ২০ হাজার সুইডিশ ক্রোনার (প্রায় ২ লাখ ৭৪ হাজার টাকা) হতে হবে। এছাড়া সুইডিশ ভাষা ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে।
ইয়োহান ফোরসেল বলেন, আপনি যদি নাগরিক হতে চান, তবে সুইডেন রাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র এটি জানা যুক্তিসঙ্গত।
এদিকে, সুইডেন বা বিদেশে কোনো ধরনের অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়, কেউ যদি চার বছরের কারাদণ্ড ভোগ করে থাকেন, তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে ১৫ বছর অপেক্ষা করতে হবে।
ঘোষিত নতুন নিয়মগুলো আগামী ৬ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স