আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ আগামী প্রতি বছরে ২,৫০০ থেকে ৩,০০০ জন করে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এয়ারলাইনটির বহর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে পাঁচ বছর এই নিয়োগ অব্যাহত থাকবে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি। খবর গালফ নিউজের।
ইতিহাদের সিইও অ্যান্টোনোয়াল্ডো নেভেস বলেন, আমরা প্রতি বছর ২,৫০০ থেকে ৩,০০০ জন নিয়োগ এবং প্রায় ২০টি বিমান যোগ করার এই হার বজায় রাখব। আগামী পাঁচ বছরে এই অনুপাতই থাকবে।
২০২৫ সালে ইতিহাদ ব্যাপক নিয়োগ ও পদোন্নতি দিয়েছে। বছরজুড়ে ৩,২০০-এর বেশি নতুন কর্মী নিয়োগ করা হয়েছে এবং প্রায় ২,২০০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ফ্রন্টলাইন পদগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বছরে ১,৬০০ কেবিন ক্রু এবং প্রায় ৪০০ পাইলট নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ প্রতিভা বিকাশে জোর দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১,৫০০ কেবিন ক্রু এবং প্রায় ১৫০ পাইলটকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বর্তমানে ইতিহাদের কর্মীবাহিনী ১৫২টি জাতীয়তার প্রতিনিধিত্ব করছে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের প্রতিভা বিকাশে ক্যাডেট পাইলট প্রোগ্রাম ও নেতৃত্ব উন্নয়ন উদ্যোগ চালু রয়েছে।
২০২৫ সালে ইতিহাদ ২৯টি নতুন বিমান যোগ করে বহরকে ১২৭টিতে নিয়ে গেছে। যা এয়ারলাইনের ইতিহাসে সর্বোচ্চ। আগামী বছরগুলোতে বছরে গড়ে ২০টি বিমান যোগ হবে। মে ও নভেম্বর মাসে ঘোষিত বড় বিমান ক্রয় চুক্তিগুলো পরবর্তী পর্যায়ের সম্প্রসারণে সহায়তা করবে। এর ফলে নেটওয়ার্ক বাড়ানো এবং নতুন পণ্য ও সেবা উন্নয়নের সুযোগ তৈরি হবে।
ইতিহাদের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিশ্বব্যাপী এভিয়েশন শিল্পে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার প্রতিশ্রুতি প্রকাশ করছে।