আন্তর্জাতিক ডেস্ক : ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যৌথভাবে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইলের হামলায় ইরানের ৫ শিশু নিহত হয়েছে। অন্যদিকে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। এতে আবু ধাবিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যজুড়ে যখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন ইরান ও ইসরাইলে ফ্লাইট চলাচল স্থগিত করেছে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়া।
মস্কোর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং ইসরাইল আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রাশিয়ান বিমান সংস্থাগুলো, মন্ত্রণালয় এবং রোসাভিয়াতসিয়া বিমান সংস্থাগুলোর সাথে সহযোগিতায়, পারস্য উপসাগরীয় দেশগুলিতে নিরাপদ ফ্লাইট নিশ্চিত করার জন্য আগে থেকেই বিকল্প ফ্লাইট রুট তৈরি করেছে।
দীর্ঘ দূরত্বের কারণে ফ্লাইটের সময় বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার তীব্র সমালোচনা করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন তাদের ‘আসল রূপ’ দেখিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে দাবি করেন, ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর আগে যুক্তরাষ্ট্র মূলত পরমাণু আলোচনাকে একটি ‘ছদ্মবেশ’ বা কভার-আপ হিসেবে ব্যবহার করেছে।
মেদভেদেভ বলেন, ‘তথাকথিত শান্তিকামীরা আবারও তাদের আসল চেহারা দেখালো। ইরানের সঙ্গে যাবতীয় আলোচনা ছিল আসলে একটি সাজানো অপারেশন। এ নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। আসলে কেউ কখনোই কোনো বিষয়ে একমত হতে বা সমঝোতায় পৌঁছাতে চায়নি।’
রুশ এই শীর্ষ কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার ঢাল হিসেবে ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক কূটনীতির জন্য এক চরম বিশ্বাসঘাতকতা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনেও। তবে তারা নিরাপদ স্থানে রয়েছেন বলে খবরে জানানো হয়েছে।
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অক্ষত রয়েছেন।