রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১০:১১:৫৩

যেসব স্থানে নতুন করে আরও হামলা চালিয়েছে ইরান

যেসব স্থানে নতুন করে আরও হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর রক্ষণাত্মক অবস্থান থেকে ইরান প্রতিপক্ষের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। রোববার বিবিসি ফার্সি জানায়, দুবাই, দোহা, বাহরাইনের মানামা ও সৌদি আরবের রিয়াদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় চারজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পারস্য উপসাগর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে ইরান নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী কয়েকটি ধাপে অভিযান পরিচালনার কথা জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ওমানের গুরুত্বপূর্ণ দুকুম বন্দরে ড্রোন হামলার খবর দিয়েছে ওমান নিউজ এজেন্সি। এতে একজন কর্মী আহত হয়েছেন। আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এবং ২০২২ সালে উদ্বোধনের পর থেকে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনলাইন নিউজলেটার

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেখানে একাধিক জোরালো বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানায়, গত এক দিনে বড় আকারের বিমান হামলা চালিয়ে ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তেহরানের দিকে অগ্রসর হওয়ার পথ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সে ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম তেহরানে বিস্ফোরণের খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান হামলা-পাল্টা হামলায় আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে