আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে হারাতে এবার নতুন কৌশল শুরু করল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এবার ইরাক থেকে ইরানে ঢুকাচ্ছে কয়েক হাজার কুর্দি যোদ্ধা। তারা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট কুর্দিদের কাজে লাগিয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল যুক্তরাষ্ট্র। যা এখন বাস্তবে রূপ নিয়েছে। তবে ইরান এটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে জানায়, একাধিক সূত্র বলছে ইরাক থেকে কুর্দিরা ইরানে প্রবেশ করেছে।
জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।
বার্তাসংস্থা এপিকে এর আগে কুর্দিদের এক কর্মকর্তা বলেছিলেন, তারা তাদের কয়েক হাজার যোদ্ধাকে প্রস্তুত করে রেখেছেন। যারা যুক্তরাষ্ট্রকে স্থল হামলায় সহায়তা করবে। তিনি এপি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা চেয়েছেন।
কুর্দিরা ইরান সরকারের বিরোধী। তাদের রয়েছে কয়েক হাজার প্রশিক্ষিত যোদ্ধা। তারা স্থল হামলা শুরু করলে ইরানের সরকার বেকায়দায় পড়ে যাবে।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো কুর্দিদের দিয়ে ইরানের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালানো। যেন তারা দুর্বল হয়ে যায়। এরপর ইরানের সাধারণ মানুষকে সরকার পতনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানানো হবে।
খলিল নাদিরি নামে কুর্দিস্থান ফ্রিডম পার্টির এক নেতা বলেছেন, তাদের যোদ্ধারা ইরান সীমান্তবর্তী সুলাইমানিয়াহ প্রদেশে অবস্থান করছে এবং তারা প্রস্তুত আছে।
কুর্দিস্থান ইরাকের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে কুর্দিদের বসবাস। এছাড়া ইরানেও অনেক কুুর্দি রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি