আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
শুক্রবার (৬ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে শুক্রবার সকালে তেল আবিবসহ ইসরাইলেরর বিভিন্ন শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
আল জাজিরা বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের মধ্যঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন।
ইরান যুদ্ধ আজ শুক্রবার (৬ মার্চ) সপ্তম দিনে গড়িয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে।
ইরানের সামরিক বাহিনী বলছে, শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
শুক্রবার (৬ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে।