আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি বলেছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জন্য নিজের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেয়ার প্রতিশ্রুতির জন্য সৌদি আরবের প্রতি ইরান কৃতজ্ঞ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদি আরব থেকে আমরা বারবার যে বার্তা শুনেছি—তারা তাদের আকাশসীমা, সমুদ্রসীমা বা ভূখণ্ড ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না—সেটির জন্য আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও ইঙ্গিত দেন যে, এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সম্পর্ক স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুদ্ধ শুরুর আগে রিয়াদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না।
তবে সংঘাত শুরু হওয়ার পর সৌদি বারবার অভিযোগ করেছে যে, ইরান তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরব সতর্ক করে বলেছে, তারা পাল্টা জবাব দেয়ার অধিকার রাখে।
রিয়াদ আরও দাবি করে, ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগার রাস তানুরা রিফাইনারিতে ড্রোন দিয়ে দুইবার লক্ষ্যবস্তু করেছে। তবে তেহরান এ অভিযোগও অস্বীকার করেছে।
ইরান রিয়াদে অবস্থিত রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করে সৌদি। দেশটির কর্মকর্তারা দাবি করেন, ইরান ড্রোন দিয়ে ওই কম্পাউন্ডকে লক্ষ্যবস্তু করেছিল। এই ঘটনার পর দূতাবাস কম্পাউন্ডে আগুন লেগেছিল।
আলিরেজা স্পষ্টভাবে এই অভিযোগ নাকচ করে দেন। ইরানের রাষ্ট্রদূত বলেন, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার সঙ্গেও ইরানের কোনো সম্পর্ক নেই।
এএফপিকে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় ইরানের কোনো ভূমিকা নেই। তেহরানে যদি কোনো অপারেশন কমান্ড কোথাও হামলা চালায়, তবে তারা তার দায়িত্বও নেয়।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার পর তেহরানের পাল্টা হামলার জেরে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে গালফ অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক।
এনায়াতি বলেন, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চালাচ্ছে না। তার ভাষায়, ‘এটি আঞ্চলিক যুদ্ধ নয় এবং এটি আমাদের যুদ্ধও নয়। এই যুদ্ধ অঞ্চলটির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’