রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ১০:৩২:১৮

হিজবুল্লাহর উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলীয় শহরে নতুন করে হামলা হয়েছে।

রোববার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, এটি একটি সামরিক লজিস্টিকস কেন্দ্র। লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা নেভাল ঘাঁটিকে লক্ষ্য করে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগের দিনও একই নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল সংগঠনটি।

এর আগে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, এটি শহরটিকে লক্ষ্য করে আগে দেওয়া সতর্কবার্তার অংশ।

এদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এটিই প্রথম ইসরায়েলি সেনা নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে