আন্তর্জাতিক ডেস্ক : ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর থেকে ইরানের পালটা হামলায় সংযুক্ত আরব আমিরাতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন।
আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিসর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে পালটা হামলা চালাচ্ছে ইরান।
এ পর্যন্ত আমিরাতের দিকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এর মধ্যে ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, ১ হাজার ৩৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। পাশাপাশি ধ্বংস করা হয়েছে আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও।