সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ০২:২৬:১৯

‘সন্তুষ্ট’ নন ডোনাল্ড ট্রাম্প

‘সন্তুষ্ট’ নন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। প্রেসিডেন্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।

সংবাদমাধ্যমটির উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’

 এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

 এর আগে ইসরাইলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলকে দেয়া এক সাক্ষাৎকারে মোজতবা খামেনির নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেছেন, ‘দেখা যাক কী হয়’
 
এর আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তার (ট্রাম্পের) ‘অনুমোদন’ ছাড়া বেশি দিন টিকতে পারবেন না।
 
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, ‘তাকে ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি (নতুন নেতা) বেশি দিন টিকতে পারবেন না।’
 
রোববার (৮ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে একাধিক পশ্চিমা ও ইসরাইলি গণমাধ্যমে মোজতবা নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দেয়া হয়।

৫৬ বছর বয়সি মোজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও অনেকেই দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন, খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য মোজতবা একজন অগ্রণী প্রার্থী হবেন, তবে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে