মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ০৭:৩০:২৬

ফের ইরানের ভয়াবহ ড্রোন হামলা, জ্বলছে শিল্পাঞ্চল

ফের ইরানের ভয়াবহ ড্রোন হামলা, জ্বলছে শিল্পাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আবু ধাবির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের ড্রোন হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পাঞ্চলের একটি ভবনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় বলেছে, ড্রোন হামলার কারণ রুবাইস শিল্পাঞ্চলে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে আমিরাতের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় বলেছে, রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির এই মন্ত্রণালয়। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরানি সামরিক বাহিনী।

এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইনে কয়েকজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন। সূত্র: এএফপি, আল জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে