বুধবার, ১১ মার্চ, ২০২৬, ০৭:৩০:৩৭

‘নিরাপদ ও সুস্থ’ আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি

‘নিরাপদ ও সুস্থ’ আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধের আঘাত সত্ত্বেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।

নিজ টেলিগ্রাম চ্যানেলে আজ বুধবার (১১ মার্চ) এক পোস্টে ইউসেফ বলেন, ‘আমি খবর শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুর কাছে এ বিষয়ে খোঁজ নিয়েছিলাম যাদের সঙ্গে খামেনি পরিবারের যোগাযোগ রয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’

রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী খামেনিকে ‘রমজান যুদ্ধের একজন আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করলেও তার আঘাতের ধরন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

তিন দিন আগে তার প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা নানামুখী জল্পনা-কল্পনার মাঝেই এ মন্তব্য এল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুই ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই খামেনি আহত হয়েছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে