আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার (১১ মার্চ) পৃথক তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়।
তবে পরবর্তীতে ইউকেএমটিও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজটিতে কেবল প্রয়োজনীয় সংখ্যক নাবিক অবস্থান করছেন।
এদিকে, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলার শিকার হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন এবং বর্তমানে এটি একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘স্টার গুইনেথ’। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক সুরক্ষিত আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর এটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল, ফলে এই রুট দিয়ে সাধারণ জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।