বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ০২:২২:১১

এবার যে নতুন পদক্ষেপ জ্বালানি তেল নিয়ে

এবার যে নতুন পদক্ষেপ জ্বালানি তেল নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় চট্টগ্রাম বন্দরে আরেকটি ডিজেলবাহী জাহাজ পৌঁছানোয় জ্বালানিসংকট নিয়ে শঙ্কাও কিছুটা কমেছে। তবে কিছু পাম্পকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বাড়তি টাকায় ট্যাংক ভরে জ্বালানি তেল দেওয়া হচ্ছে।

বুধবার (১১ মার্চ) বিপিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগে অকটেন ও পেট্রলের সরবরাহ গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল। এখন সেই হ্রাসের হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী সরবরাহ ১০ শতাংশ বাড়বে।

বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দ যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করতে বিপণন কম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এর মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে স্বস্তির খবরও পাওয়া গেছে। সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গত মঙ্গলবার বিকেলে জাহাজটি বন্দরে আসে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ডিজেল খালাস শুরু হয়েছে। এর আগে গত সোমবার ‘শিউ চি’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছায়।

বিপিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির পাইপলাইনে রয়েছে আরো তিনটি বড় জাহাজ। আগামী কয়েক দিনের শিডিউল—১২ মার্চ এসপিটি থেমিস জাহাজে আসবে ৩০ হাজার ৪৮৪ টন। ১৩ মার্চ ‘র‌্যাফেলস সামুরাই’ জাহাজে আসবে প্রায় ৩০ হাজার টন। ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ জাহাজে আসবে প্রায় ৩০ হাজার টন। সব মিলিয়ে আগামী কয়েক দিনে মোট এক লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল জাতীয় গ্রিডে যুক্ত হবে।

রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো একই ধরনের সুযোগ পাওয়ার আশা করছে বাংলাদেশ সরকার।

গতকাল রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এর মধ্যে ভারতকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ওয়েভার দিয়েছে। বাংলাদেশকেও একই সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি ওয়াশিংটনে পাঠানো হবে বলে মার্কিন পক্ষ জানিয়েছে।’

জ্বালানি তেল সংকট মোকাবিলায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে কথা হয়।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে দেশটি কী পরিমাণ ডিজেল দিতে পারবে, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।’

জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালুর পর বিভিন্ন এলাকায় পেট্রল পাম্পে দীর্ঘ সারি ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন পাম্প মালিকরা। তারা পাম্পে নিরাপত্তা নিশ্চিত করা ও তেলের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।

রাজধানীর সিদ্বেশ্বরীতে এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার একদিকে পর্যাপ্ত তেলের মজুদের কথা বলছে, অন্যদিকে রেশনিং করে সরবরাহ দিচ্ছে, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, অনেক এলাকায় ঘোষিত সীমার চেয়েও কম তেল সরবরাহ করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে