আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধবিরতি চাচ্ছে বলে দাবি করেছেন ডনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আগেও বেশ কয়েকবার এ ধরনের কথা বলেছেন। কিন্তু তিনি এখনই সমঝোতায় যেতে চাচ্ছেন না। কারণ হিসেবে বলেছেন, ইরানের প্রস্তাবিত শর্তগুলো ‘যথেষ্ট ভালো নয়’।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া প্রায় ৩০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ শর্তগুলো যথেষ্ট ভালো নয়।’ সম্ভাব্য চুক্তির শর্ত কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্প ইঙ্গিত দেন, যেকোনো সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। তবে তিনি বলেন, আলোচনার নির্দিষ্ট শর্ত প্রকাশ করতে চান না।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। যৌথ সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে তিনি গুরুত্ব দেননি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ ক্ষমতা নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানও ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।
শনিবার ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দ্বীপটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে সেখানে আরও হামলা চালানো হতে পারে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে এবং এসব অস্ত্র তৈরির সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হেনেছে। তার ভাষায়, ‘দুই দিনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’