আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের জন্য নতুন রুট গড়ে তোলার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, এ যুদ্ধে জয়ী হওয়ার পর হরমুজ প্রণালির বদলে নতুন রুট তৈরির উদ্যোগ নেওয়া হবে। আর সেটি হবে ইসরায়েলের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৯ মার্চ) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা করলে পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করে তেহরান। এতে সারাবিশ্বে তেল ও গ্যাসের বাজারের অস্থিরতা তৈরি হয়েছে।
নেতানিয়াহুর মতে, আরব উপদ্বীপ হয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় বন্দর পর্যন্ত নিয়ে আসা হলে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তেল ও গ্যাস পাইপলাইন পশ্চিমমুখী করে আরব উপদ্বীপ পেরিয়ে সরাসরি ইসরায়েলে নিয়ে আসা গেলে হরমুজের মতো সংকীর্ণ পথের ওপর নির্ভরতা কমে যাবে।