শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ০৯:৪৭:০৭

ইরানের এক মিসাইল আঘাত হানল ইসরায়েলের ১১ জায়গায়

ইরানের এক মিসাইল আঘাত হানল ইসরায়েলের ১১ জায়গায়

আন্তর্জাতিক ডেস্ক : চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, একটি মিসাইল দিয়েই রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে আঘাত হানা হয়েছে, যাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি মিসাইলই একাধিক স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের বিভিন্ন এলাকায় পড়ে ভবন, সড়ক ও যানবাহনের ক্ষতি করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১১টি স্থানে এসব ধ্বংসাবশেষ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

হামলার পরপরই উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে, ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলনসহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়।

এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। তারই অংশ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে।

সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে