শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ০২:৩৬:০৪

ডোনাল্ড ট্রাম্পের টার্গেট এবার নতুন আরেক দেশ

ডোনাল্ড ট্রাম্পের টার্গেট এবার নতুন আরেক দেশ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইতিমধ্যে ‘শাসন পরিবর্তন’ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘বড় ধরনের আঘাত’ হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে একটি অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ‘ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে’ এবং ইরানের ‘আর কোনো বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছি এবং মনে হচ্ছে তার ছেলে গুরুতর আহত হয়েছেন।’

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ইরান সম্পর্কে পরবর্তী কী করা হবে তা তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। ইরানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ‘শীঘ্রই ইরানের সন্ত্রাস ও চাপ থেকে মুক্ত হবে।’

সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েতে ইরানের হামলাকে 'অপ্রত্যাশিত' বলে উল্লেখ করে ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কিউবার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন কিউবার নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করলেও তিনি বলেছেন, ‘আমি এই মহান সামরিক বাহিনীকে তৈরি করেছি। আমি বলেছিলাম এটা ব্যবহার করতে হবে না, কিন্তু কখনো কখনো ব্যবহার করতে হয়। আর কিউবা হবে পরের লক্ষ্য।’

ন্যাটো দেশগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তায় সামরিক সহায়তা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ‘তাদের (ন্যাটোভুক্ত দেশ) প্রতিরক্ষায় কোটি কোটি ডলার ব্যয় করে’, কিন্তু তাদের আচরণের ভিত্তিতে তিনি মনে করেন না যে সেটা করা বাধ্যতামূলক। সামরিক সহায়তার অনুরোধ এলে যুক্তরাষ্ট্র সাড়া নাও দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে