শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪৪:১৬

ইরান ছাড়ছেন কবে, জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

ইরান ছাড়ছেন কবে, জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ‘শিগগিরই’ যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি বলেন, সামরিক লক্ষ্য অর্জনের পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান থেকে সরে আসবে।

শনিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় সামরিক অভিযান চালিয়ে যেতে চান। এর মূল লক্ষ্য হলো ইরানের সক্ষমতা দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়া।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই, আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে যেন আবার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। সেই লক্ষ্যেই এই অভিযান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে। তবে এটি সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে।

তিনি বলেন, আমরা এক বা দুই বছর ধরে ইরানে থাকতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি এবং খুব শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসব।

এদিকে ইরান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে চার মুসলিম দেশ। রোববার পাকিস্তানের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে