ভবিষ্যতের আইফোনের ক্যামেরায় বড় ধরনের উন্নতির পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল।
সাপ্লাই চেইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আইফোনের জন্য ২০০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর পরীক্ষা করছে কোম্পানিটি। বর্তমানে ব্যবহৃত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এটি হবে এক বিশাল উল্লম্ফন। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণত স্মার্টফোনের ছোট বডিতে এত বেশি পিক্সেল যুক্ত করলে অল্প আলোয় ছবির গুণমান নষ্ট হয়ে যায়। পিক্সেলের সংখ্যা বাড়লে প্রতিটি পিক্সেলের আকার ছোট হয়ে যায়, যা কম আলোয় ঝাপসা বা ‘গ্রেইনি’ ছবি তৈরি করে। এ সমস্যা সমাধানে অ্যাপল ক্যামেরার সেন্সরের আকার বাড়িয়ে ১ থেকে ১ দশমিক ১২ ইঞ্চি করার পরিকল্পনা করছে। এটি বর্তমান আইফোন ১৭ প্রোর ১ থেকে ১ দশমিক ২৮ ইঞ্চি সেন্সরের চেয়েও বড়। সেন্সরের আকার বড় হওয়ায় এটি লেন্সের মাধ্যমে আরো বেশি আলো ও সূক্ষ্ম ডিটেইল ধারণ করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং ও অপোর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো এরই মধ্যে ২০০ মেগাপিক্সেলের ফোন বাজারে আনলেও অ্যাপল এ পথে হাঁটতে আরো কিছুটা সময় নিতে পারে। আগের প্রতিবেদনগুলোয় ২০২৮ সালের কথা উল্লেখ করা হলেও নতুন তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আইফোন সিরিজেই এ পরিবর্তন দেখা যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, অপো ফাইন্ড এক্স৯ আল্ট্রার মতো একই সেন্সর ব্যবহার করতে পারে অ্যাপল, তবে শুরুতে মূল রিয়ার ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল ব্যবহার না করে কোম্পানিটি এটি টেলিফটো লেন্সে যুক্ত করতে পারে। এটি জুম করার সময় ছবির মান ও সূক্ষ্ম বিষয়গুলো ফুটিয়ে তুলতে সাহায্য করবে। অ্যাপল বর্তমানে বিশাল সেন্সরটি নিয়ে কেবল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলে জানা গেছে।