মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ০৯:৪২:১০

ছোড়া হলো একঝাঁক ক্ষেপণাস্ত্র, জ্বলছে ইসরাইলের হাইফা তেল শোধনাগার

ছোড়া হলো একঝাঁক ক্ষেপণাস্ত্র, জ্বলছে ইসরাইলের হাইফা তেল শোধনাগার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি তেল শোধনাগারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন।

সোমবারের (৩০ মার্চ) এই হামলায় শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। গত মাসে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি আক্রান্ত হলো।
 
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাইফার ‘বাজান’ তেল শোধনাগার লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পরপরই স্থাপনাটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। বাজান গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ডিস্টিলেট ট্যাংক বা শোধন ট্যাংকের ছাদে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

তবে অগ্নিকাণ্ডটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে হয়েছে, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার কমান্ডার ইতান রিফা জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি।’
 
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফায় অবস্থিত একটি ইসরাইলি নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলি স্থল ও আকাশপথের হামলা জোরদার হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই পাল্টা আক্রমণ চালানো হলো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি ও মার্কিন যৌথ হামলায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে এই সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ে। বর্তমানে যুদ্ধের পঞ্চম সপ্তাহ চললেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে