বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৪:০৫

লেবাননে নির্বিচার হামলা করায় এবার ইসরাইলকে সতর্ক করল রাশিয়া ও জার্মানি

লেবাননে নির্বিচার হামলা করায় এবার ইসরাইলকে সতর্ক করল রাশিয়া ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলের নির্বিচার বোমা হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও জার্মানি।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরেই বুধবার ইসরাইল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে।

 বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ চলমান আলোচনা প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।
 
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘এ ধরনের কর্মকাণ্ড লেবাননকে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং এরইমধ্যেই নাজুক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।’
 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এ ঘটনা আসন্ন আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে বলে হুঁশিয়ারি করেন ইরানের প্রেসিডেন্ট। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।
 
অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, লেবাননে ইসরাইলের অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রত্যাশিত শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে।

মের্জ বলেন, ‘দক্ষিণ লেবাননের পরিস্থিতিকে বিশেষ উদ্বেগের সাথে দেখছি। সেখানে ইসরাইল যে তীব্রতার সাথে যুদ্ধ চালাচ্ছে, তা পুরো শান্তি প্রক্রিয়াকে ব্যর্থ করে দিতে পারে এবং তা হতে দেয়া যাবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে