শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ০৯:০০:৫৮

বাংলাদেশিসহ ১৮ নাবিককে সফলভাবে উদ্ধার করল পাকিস্তান

বাংলাদেশিসহ ১৮ নাবিককে সফলভাবে উদ্ধার করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ বিদেশি নাবিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, এমভি গোল্ড অটাম নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। উত্তর আরব সাগরে পরিচালিত এই অভিযানে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে। পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস হুনাইনঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন সহায়তা এবং জাহাজের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। পরে তাদের চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর আরব সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। এখানে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহসহ বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট রয়েছে। এ অঞ্চলে দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশের নৌ ও নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

আরব নিউজ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে পাকিস্তান নৌবাহিনী। এরমধ্যে অন্যতম হলো বিপদগ্রস্ত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে