আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে সাহকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রেখেছিলেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।
চিঠিতে আরও বলা হয়, এই পদক্ষেপ দলের ভাবমূর্তি, নীতি ও সততার পরিপন্থি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দলের সংবিধানের বিধান অনুযায়ী চেয়ারম্যান এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।
প্রধানমন্ত্রী আরএসপির সুপারিশ গ্রহণ করে শাহকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। একই সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র : কাঠমান্ডু পোস্ট