শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬:৫৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কত দিন থাকা যাবে? যা জানানো হলো

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কত দিন থাকা যাবে? যা জানানো হলো

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ভর করবে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য স্পষ্ট করেছে।
 
দূতাবাস জানিয়েছে, বি১/বি২ (ভিজিটর) ভিসার মেয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়ের কোনো সম্পর্ক নেই।

দূতাবাসের বার্তায় বলা হয়, একজন যাত্রী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, ইমিগ্রেশন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তা নির্ধারণ করবেন। ভিসার গায়ে মেয়াদের যে তারিখ উল্লেখ থাকে, সেই তারিখ পর্যন্ত অবস্থান করা যাবে না। ভিসার মেয়াদ মূলত ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয় মাত্র।
 
ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে ঠিক কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা নিশ্চিত হতে তাদের ‘I-94’ নামক অনলাইন রেকর্ডটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে দূতাবাস। ‘I-94’ রেকর্ডে উল্লিখিত ‘admit until date’-ই হচ্ছে দেশটিতে অবস্থানের বৈধ শেষ দিন।

ভ্রমণকারীরা এই তারিখ সম্পর্কে নিশ্চিত হতে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন-এর ওয়েবসাইট i94.cbp.dhs.gov ভিজিট করতে পারবেন।

দূতাবাস আরও মনে করিয়ে দিয়েছে যে, অনুমোদিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করা আইনি জটিলতা তৈরি করতে পারে, যা ভবিষ্যতে পুনরায় ভিসা প্রাপ্তি বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে