হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারী কমই আছেন। ব্যস্ত জীবনে অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ ঠিক সময়ে পাঠানো ভুলে যাওয়া খুব সাধারণ একটি বিষয়।
জন্মদিনের শুভেচ্ছা, অফিসের জরুরি নোটিশ বা ক্লায়েন্টকে কোনো ফলো-আপ সব কিছুই যদি আগে থেকেই নির্দিষ্ট সময়ে চলে যায়, তাহলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। যদিও হোয়াটসঅ্যাপ অ্যাপে এখনো সরাসরি শিডিউল মেসেজ ফিচার নেই, তবে কিছু সহজ উপায়ে আপনি মেসেজ শিডিউল করতে পারেন।
বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এসকেডিইট বা ওয়াসাভি-এর মতো অ্যাপ ব্যবহার করে সহজেই মেসেজ শিডিউল করতে পারেন। এসব অ্যাপে প্রথমে ইনস্টল করে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস পারমিশন দিতে হয়, তারপর শিডিউল মেসেজ অপশন থেকে কন্টাক্ট নির্বাচন করে মেসেজ লিখে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করে দিলেই কাজ শেষ। নির্ধারিত সময়ে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠিয়ে দেয়।
আইফোন ব্যবহারকারীরা চাইলে শর্টকাটস অ্যাপ ব্যবহার করে কিছুটা অটোমেশন করতে পারেন। এখানে পার্সোনাল অটোমেশন তৈরি করে সময় সেট করা যায়, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাকশন যোগ করে কন্টাক্ট ও মেসেজ নির্ধারণ করলে নির্দিষ্ট সময়ে মেসেজ চলে যাবে।
তবে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অজানা বা অনির্ভরযোগ্য অ্যাপ ব্যবহার করলে আপনার প্রাইভেসি ঝুঁকিতে পড়তে পারে। তাই সবসময় বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করা উচিত এবং প্রয়োজনীয় পারমিশন ভালোভাবে যাচাই করা জরুরি।