আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে পুতিনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।