মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫১:৪৭

আরও সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়া

আরও সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : কানাডার নাগরিকত্ব পাওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে সহজ। নতুন আইনের ফলে এখন কানাডার বাইরে জন্মগ্রহণ করলেও দেশটির নাগরিক হওয়া যাবে। খবর ইন্ডিপেনডেন্টের।

সম্প্রতি কানাডায় কার্যকর হওয়া আইনে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর ২০২৫ এর আগে কানাডার বাইরে জন্ম নেওয়া কেউ নিজেকে কানাডিয়ান বংশোদ্ভূত প্রমাণ করতে পারলে সে দেশটির নাগরিকত্ব পেতে পারে। আগে এ সুবিধা শুধুমাত্র প্রথম প্রজন্মের সন্তানের জন্য ছিল। অর্থাৎ বাবা অথবা মা যেকোন একজন কানাডার নাগরিক না হলে নাগরিকত্বের জন্য আবেদন করা যেত না।

নতুন এ আইন প্রণয়নের পর যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কুইবেকের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের এক কর্মকর্তা জানান, হঠাৎ করেই নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় নথিপত্র খুঁজতে শুরু করেছে অনেকেই। বর্তমানে কানাডার নাগরিকত্ব সনদ পেতে প্রায় ১০ মাসের মতো সময় লাগছে।

বিশ্লেষকদের মতে, কানাডার নাগরিকত্বের চাহিদা বেড়ে যাওয়ার পেছনে দুইটি কারণ রয়েছে। একদিকে, অনেকে তাদের পারিবারিক শিকড়ের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে চাচ্ছে। অন্যদিকে, ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর অনেকেই ভিন্ন রাজনৈতিক পরিবেশ খুঁজছেন।

অটোয়া-ভিত্তিক অভিবাসন পরামর্শক ক্যাসান্দ্রা ফল্টজ জানান, ২০২৪ সালের নভেম্বরের পর থেকে কানাডায় যাওয়ার আগ্রহ বাড়ছে, যা তার ১৭ বছরের অভিজ্ঞতায় নজিরবিহীন। তিনি বলেন, সাধারণত যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনের পরই কিছু সময়ের জন্য আগ্রহ বাড়ে, তবে এবার সেই আগ্রহ দীর্ঘস্থায়ী হয়েছে।

যুক্তরাষ্ট্রে কানাডীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ধারণা করা হয়, যেসব ব্যক্তি তাদের বাবা-মায়ের সূত্রে কানাডার নাগরিক, তাদের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৪ হাজার ৭০০ মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের অনুমতি পেয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০০-এ। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।

আইন পরিবর্তনের ফলে এখন আরও বেশি মার্কিন নাগরিক নিজেদের কানাডীয় বংশোদ্ভূত প্রমাণে আগ্রহী হয়ে উঠেছেন। কুইবেকের আর্কাইভস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে গুরুত্বপূর্ণ নথির জন্য ৩২টি আবেদন এসেছিল, সেখানে ২০২৬ সালের জানুয়ারিতে সেই সংখ্যা বেড়ে এক হাজারেরও বেশি হয়েছে। এসব আবেদনকারীর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে