আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানীর কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি সেসনা বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানের ১৩ জন যাত্রী এবং পাইলটসহ সবাই নিহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন। এছাড়া বাকিরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে তথ্য সংগ্রহ এবং জরুরি সেবা কার্যক্রমে সহায়তার জন্য একটি দল পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, এলাকাটি পাহাড়ি এবং কুয়াশাচ্ছন্ন ছিল।