সোমবার, ০৪ মে, ২০২৬, ১০:২৬:১৫

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, থালাপতি বিজয়ের উত্থান

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, থালাপতি বিজয়ের উত্থান

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এর আগে এম জি রামচন্দ্রন, জয়ললিতা, শিবাজি গণেশনের মতো তারকারা রাজনীতিতে সফল হয়েছেন। সেই ধারাতেই বছর দুয়েক আগে, অর্থাৎ ক্যারিয়ারের পিক টাইমে রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়।

হঠাৎ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করে ভক্তদের চমকে দেন বিজয়। যদিও লোকসভা নির্বাচনে অংশ নেয়নি তাঁর দল, শুরু থেকেই লক্ষ্য ছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিজ্যের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে। যেখানে এবারের নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়ছে, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) বিজেপির সঙ্গে জোটে রয়েছে সেখানে একাই লড়েছে বিজয়ের টিভিকে।

সোমবার (৪ মে) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে টিভিকে।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল। সব কিছু ঠিক থাকলে, তিনিই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় একটি অংশ বিজয়ের দিকে ঝুঁকেছে। এর প্রভাবই এখন দেখা যাচ্ছে ভোটের ফলাফলে।

বিজয় নিজে দুটি আসন তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর থেকে লড়েছেন এবং দুটিতেই এগিয়ে আছেন। ইতিমধ্যেই চেন্নাইয়ে তাঁর বাড়িতে উৎসবের আমেজ দেখা গেছে।

‘মাস্টার’, ‘লিও’সহ একাধিক সুপারহিট সিনেমার এই তারকা এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি—এমনটাই জোরালো ইঙ্গিত মিলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে