মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ১১:১৭:২০

মেসির সঙ্গে সেই দিনের ঘটনার কারণে কী হেরে গেলেন তৃণমূলের অরূপ বিশ্বাস

মেসির সঙ্গে সেই দিনের ঘটনার কারণে কী হেরে গেলেন তৃণমূলের অরূপ বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক : টালিগঞ্জে এবার আর জিততে পারলেন না রাজ্যের বিদায়ি মন্ত্রী তথা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। সোমবারের (৪ মে) ফলাফলে দেখা গেছে, টালিগঞ্জ আসনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। গতবার ৫০ হাজার ভোটে জিতলেও এবার তিনি নিজের আসনটি হারালেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট।

অন্যদিকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৮৮,৪০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিশ্লেষকদের মতে, এবার সিপিএম ৩০ হাজারের বেশি ভোট টেনে নেওয়ায় অরূপ বিশ্বাসের ভোটব্যাংকে টান পড়েছে।

অরূপ বিশ্বাসের এই হারের পেছনে গত বছরের ‘মেসি-কাণ্ড’ বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে। গত ডিসেম্বরে লিওনেল মেসি যখন কলকাতায় এসেছিলেন, তখন যুবভারতীতে চরম বিশৃঙ্খলা হয়েছিল।

অভিযোগ ছিল যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে থাকলেও টিকিট কেটে আসা হাজার হাজার দর্শক মেসিকে দেখার সুযোগ পাননি। ফুটবলপ্রেমীদের সেই ক্ষোভ এবার ভোটের বাক্সে ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে।

অরূপ বিশ্বাসের হার নিয়ে নেটপাড়ায় অনেকেই কটাক্ষ করছেন। মেসির সেই ঘটনা টেনে কেউ বলছেন, ‘মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে বিধানসভায় ঢুকতে দিল না। ’ অনেকে আবার মজা করে লিখছেন, ‘মেসির পাস থেকেই গোল দিয়ে জিতল বিজেপি।’ সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে