বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ০১:০৭:০০

ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় উল্টে গেল তেলের বাজার

ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় উল্টে গেল তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় উল্টে গেল তেলের বাজার। বিশ্ববাজারে টানা দুইদিন কমার পর বৃহস্পতিবার (৭ মে) আবারও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১ ডলারের বেশি বেড়েছে।  ব্রেন্ট ক্রুডের দাম সকাল ৭৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২.০৫ ডলারে পৌঁছায়।  একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৫.৮৪ ডলারে।

বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি একটি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তাহলে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই ঘোষণা প্রকাশের পর থেকেই তেলের দাম কমতে শুরু করে। 

বুধবার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। অপরদিকে, ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলারে নেমে আসে।

তবে, ট্রাম্প ইরানকে চুক্তি গ্রহণ না করলে আরও বেশি মাত্রার বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পর থেকে আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।

এর আগে, গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ ছিলো। 

সান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠক পর্যন্ত শান্তি আলোচনা চলতে পারে। তবে এরপর পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত।‘

উল্লেখ্য যে, আগামী সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কিকুকাওয়া আরও বলেন, ‘সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হলো তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে।' তথ্যসূত্র: রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে