আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে।
১০ মে সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিষয়টিকে ‘গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ বলে উল্লেখ করেন, যা ইসরাইলের মাঠের সামরিক সংঘাতের পাশাপাশি চলছে।
তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কয়েকটি দেশ মূলত বট ফার্ম ও ভুয়া ঠিকানা দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে। লক্ষ্য হলো ইসরাইলের প্রতি আমেরিকানদের সহানুভূতি ভেঙে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট দুর্বল করা।’
তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি একটি টেক্সট মেসেজ পাচ্ছেন, সেখানে লেখা আছে, আমি একজন খাঁটি টেক্সাসবাসী। সব সময় ইসরাইলকে সমর্থন করেছি। কিন্তু তারা যা করছে তা সহ্য করতে পারছি না। আমি ইসরাইলের বিরুদ্ধে চলে যাচ্ছি। এরপর যখন ঠিকানা খোঁজা হয়, দেখা যায় সেটি পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পাঠানো হয়েছে।’
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এটি একটি বড় তথ্য যুদ্ধের অংশ। ইসরাইল একাধিক রণাঙ্গনে লড়ছে, কিন্তু ‘অষ্টম রণাঙ্গনে’, অর্থাৎ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার যুদ্ধে দেশটি ‘পুরোপুরি উন্মুক্ত’ হয়ে পড়েছে।
তবে নেতানিয়াহু শুধু পাকিস্তানকে দোষ দেননি। তিনি বলেছেন, ‘বেশ কয়েকটি দেশ’ এই কাজে জড়িত। পাকিস্তানকে তিনি একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন।
উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরাইলের কার্যক্রম এবং ইরানের বিরুদ্ধে অভিযানের সমালোচনায় পাকিস্তান সব সময় সরব থেকেছে। একই সঙ্গে পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সূত্র- জি নিউজ