আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৪ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।
প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি — উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভিকে বলেন, “প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।”
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।
সূত্র : এনডিটিভি