আন্তর্জাতিক ডেস্ক : ইকামাবিহীন ও অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এতে কিছুটা স্বস্তি নেমে এসেছে। এর অংশ হিসেবে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম।
লেবাননের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও ইকামাবিহীন প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে অনেক প্রবাসীর মাঝে।
গত রোববার স্থানীয় সময় সকাল থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা। নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দেন তারা। একইসঙ্গে প্রয়োজনীয় ফি পরিশোধও করতে দেখা যায় তাদের।
দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে নারী ও শিশুদের আবেদন নেয়া হয়, পরে পুরুষদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেখা যায়।
দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নিবন্ধনের সুযোগ দেয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।
নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। পাশাপাশি দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করার আশ্বাসও দেয়া হয়েছে।