বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৩৭:৫৯

বিশ্বের সবচেয়ে অপছন্দের তালিকায় এক নম্বরে ইসরায়েল, আছে আরও যারা

বিশ্বের সবচেয়ে অপছন্দের তালিকায় এক নম্বরে ইসরায়েল, আছে আরও যারা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাসীর কাছে সবচেয়ে অপছন্দের দেশ এখন ইসরায়েল। গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার একটি নতুন বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

২০২৬ সালের ‘গ্লোবাল কান্ট্রি পারসেপশন’ শীর্ষক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা হয়। এতে ৪৬ হাজার ৬৬৭ জন অংশ নেন। খবর মিডল ইস্ট আই-এর।

জরিপ অনুযায়ী, সবচেয়ে অপছন্দের দেশের তালিকায় ইসরায়েলের পর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।

অন্যদিকে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সামরিক অভিযান, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, খাদ্যসংকট এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হয়েছে।

জরিপে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিরও বড় ধরনের অবনতি দেখা গেছে। দেশটি এখন বিশ্বের সবচেয়ে অপছন্দের পাঁচটি দেশের মধ্যে রয়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নেট ইতিবাচক ধারণা ছিল ২২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক ১৬ শতাংশে।

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেন সহায়তা কমানো এবং ইসরায়েল-ইরান ইস্যুতে ওয়াশিংটনের ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স ২০২৬’ নামে এই জরিপে ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন মানুষের মতামত নেওয়া হয়। এতে নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, রাজনৈতিক বহুত্ববাদ ও সরকারের স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয়ে মানুষের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, গাজার অধিকাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ ও গণহত্যা বিষয়ক গবেষকেরা এসব পরিস্থিতিকে ‘গণহত্যাসদৃশ’ বলে বর্ণনা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে