আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানো ও জঙ্গিদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘সেনা সংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিন্দুর’ এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বের মানচিত্রে থাকতে চায়, নাকি ইতিহাস হয়ে যেতে চায়।’
ভারতীয় সামরিক বাহিনী সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের ৭ মে পাহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে ভারত এ অভিযান শুরু করে। অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন কথিত সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয় বলে দাবি করে ভারত।
পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ভারতের পাল্টা অভিযানও ‘অপারেশন সিন্দুর’ এর আওতায় পরিচালিত হয়।
প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের এই সামরিক উত্তেজনা ১০ মে সন্ধ্যায় পারস্পরিক সমঝোতার মাধ্যমে থেমে যায়।