আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
বুধবার (২০ মে) আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১১০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ১০৩ দশমিক ৪৮ ডলারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) জ্যেষ্ঠ তেল গবেষণা বিশ্লেষক এমরিল জামিল বলেন, ‘সম্ভাব্য চুক্তির কারণে বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে, ফলে তেলের দাম কিছুটা কমেছে।’
তবে তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতা হলেও যুদ্ধের আগের পর্যায়ে তেলের সরবরাহ দ্রুত ফিরে আসার সম্ভাবনা কম। তাই বাজারে দাম আবারও বাড়ার ঝুঁকি রয়ে গেছে।
এর আগে মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ ডলার কমেছিল। ওই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে।