বুধবার, ০৩ জুন, ২০২৬, ১০:২৫:২২

হঠাৎ কেন পাল্টে গেল স্বর্ণের বাজার? জানা গেল আসল কারণ

হঠাৎ কেন পাল্টে গেল স্বর্ণের বাজার? জানা গেল আসল কারণ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৫২.০৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ০.৯ শতাংশ কমে ৪,৪৮০.৫০ ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রভাবও পড়েছে বাজারে। কুয়েতে ইরানের হামলায় দেশটির একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাই বর্তমানে স্বর্ণবাজারের প্রধান চালিকা শক্তি। সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, যা মুদ্রাস্ফীতির চাপ বাড়াবে। ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হবে। এতে ডলার আরও শক্তিশালী হতে পারে এবং স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

 যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে উচ্চ সুদের হারের পরিবেশে এই ধাতুর আকর্ষণ কমে যায়, কারণ এতে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না।

এদিকে, তেলের দাম বেড়েছে এবং মার্কিন ডলার সূচক টানা তৃতীয় সেশনে ঊর্ধ্বমুখী রয়েছে। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলার-মূল্যের ধাতু কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে, যা চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

মঙ্গলবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ তার চার বছরের মেয়াদের উদ্বোধনী বক্তব্যে ফেডের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়া নতুনভাবে পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বেথ হ্যামাক বলেছেন, মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়তে থাকলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে শিগগিরই সুদের হার বাড়ানোর বিষয়ে ভাবতে হতে পারে।

ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা বোঝার জন্য বিনিয়োগকারীরা এখন শুক্রবার প্রকাশিতব্য মে মাসের মার্কিন ননফার্ম পে-রোলস প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

এর আগে প্রকাশিত এডিপি জাতীয় কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে।

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩.৯৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১.৪ শতাংশ কমে ১,৯০৮.৯৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৩ শতাংশ কমে ১,৩৩৭.৭৫ ডলারে নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে