বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ০৬:১৫:৫০

এবার যে যে কাগজপত্র জমা দিতে হবে ইতালিতে ভিসাপ্রত্যাশীদের

এবার যে যে কাগজপত্র জমা দিতে হবে ইতালিতে ভিসাপ্রত্যাশীদের

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে উচ্চশিক্ষাপ্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। নির্দেশনায় ভাষাদক্ষতা, স্পনসর এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তা জানানো হয়েছে। এ ছাড়া ভিসাপ্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়েও বলা হয়েছে নির্দেশনায়।

গতকাল সোমবার (১ জুন ২০২৬) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ কথা জানায়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে নিয়মিত নিবন্ধন করেছেন, তাঁদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হবে। আলাদা করে শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ইউনিভার্সিটিতে তাদের নিবন্ধনের জন্য আবেদনকারীরা যে ই-মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ই-মেইলে ভিএফএস যোগাযোগ করবে।

এ ছাড়া শিক্ষার্থীদের স্পনসর কারা হতে পারবেন, সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ভিএফএস বলছে, এখন মা–বাবার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।

পাশাপাশি ভাষাগত দক্ষতা সার্টিফিকেট বাধ্যতামূলক। ভাষার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথা বলা ও লেখার ক্ষেত্রে আবেদনকারীর ভাষাগত দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে।

এ ছাড়া আবেদনের সঙ্গে আবেদনকারী অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্‌-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর ২০২৬।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে