সোমবার, ০৮ জুন, ২০২৬, ০৩:৪১:১৭

প্রতিশোধ নিতে এবার ‘অপারেশন নাসর’ শুরু করল ইরান

প্রতিশোধ নিতে এবার ‘অপারেশন নাসর’ শুরু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে ‘অপারেশন নাসর’ শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। এ অপারেশনের অধীনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফে হামলা চালিয়েছে ইরান। সোমবার (০৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়।

ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নেভাতিম এবং তেল নফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে কুরআনের একটি আয়াতকে উদ্ধৃত করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অধিকার রয়েছে। কারণ তারে উপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সকল যোদ্ধা ও অভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র: মেহের নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে