আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের স্বর্ণবাজারে গত কয়েক মাস ধরে চলছে ব্যাপক অস্থিরতা। মার্চ মাসে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৫০ কুয়েতি দিনারে পৌঁছালেও জুনে এসে তা নেমে এসেছে ৩৮ থেকে ৩৯ দিনারের ঘরে।
আন্তর্জাতিক বাজারের ওঠানামা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মার্চ মাসে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৫০ কুয়েতি দিনারে পৌঁছে যায়। পুরো মাসজুড়েই স্বর্ণের বাজার ছিল উচ্চমুখী।
তবে এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সংশোধন শুরু হলে তার প্রভাব পড়ে কুয়েতেও। ধীরে ধীরে কমতে থাকে স্বর্ণের দাম। মে মাসের শেষ দিকে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৪১ দশমিক ৮৮ কুয়েতি দিনারে নেমে আসে। এ সময়ও বাজারে ছিল ব্যাপক ওঠানামা।
জুন মাসে এসে অস্থিরতা আরও বেড়েছে। কখনও দাম বাড়ছে, আবার কিছু সময় পরই কমে যাচ্ছে। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান বিক্রয়মূল্য প্রতি গ্রাম ৩৮ দশমিক ৬৭২ কুয়েতি দিনার।
বুধবার (১০ জুন) বিকেল পর্যন্ত বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম ছিল—২৪ ক্যারেট: ক্রয় ৪১.১৩০ দিনার, বিক্রয় ৪২.১৩০ দিনার, ২২ ক্যারেট: ক্রয় ৩৭.১৭২ দিনার, বিক্রয় ৩৮.৬৭২ দিনার, ২১ ক্যারেট: ক্রয় ৩৫.৪০১ দিনার, বিক্রয় ৩৬.৯০১ দিনার, ১৮ ক্যারেট: ক্রয় ২৯.৬২৯ দিনার, বিক্রয় ৩১.৬২৯ দিনার।
স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে মূল্য পরিবর্তনের পাশাপাশি ডলারের বিনিময় হার এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সরাসরি কুয়েতের স্বর্ণবাজারকে প্রভাবিত করছে। ফলে একদিন ঊর্ধ্বমুখী হলে পরদিনই নিম্নমুখী হওয়ার মতো পরিস্থিতি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
এদিকে বর্তমানে এক কুয়েতি দিনারের বিপরীতে প্রায় ৪০০ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন মানি এক্সচেঞ্জে। ফলে স্বর্ণের দাম কমলেও বাংলাদেশি ক্রেতাদের প্রকৃত ব্যয় অনেকাংশে নির্ভর করছে মুদ্রা বিনিময় হারের ওপর।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সূচকের গতিপ্রকৃতির ওপর আগামী দিনগুলোতে স্বর্ণের বাজার অনেকটাই নির্ভর করবে। তাই স্বর্ণ ক্রয় বা বিনিয়োগের আগে সর্বশেষ বাজারদর যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।