বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:১১:১৫

মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা

মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয় এবং দলীয় ভাঙনের পর মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, তিনি শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে অংশ নিতে দিল্লি সফরের সময় কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলে খবর ছড়িয়েছে। সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার বৈঠকও রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়েছে। 

তবে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ভেতরে এ নিয়ে মতভেদ রয়েছে। একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের পর মমতাকে দলে নেওয়া হলে তৃণমূলের শাসনামলের বিতর্ক ও সমালোচনার দায়ও কংগ্রেসের ওপর বর্তাতে পারে। অন্যদিকে কিছু নেতা বলছেন, কংগ্রেসের আদর্শ ও নেতৃত্ব মেনে কেউ দলে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানানো যেতে পারে।

প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আবদুল মান্নান প্রকাশ্যে মমতার সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। কয়েকজন সাংসদ ও বিধায়কের দলত্যাগ এবং বিদ্রোহী অবস্থানের কারণে দলটি চাপে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেস একীভূতকরণ বা মমতার কংগ্রেসে যোগদানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেননি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে