আন্তর্জাতিক ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টা পর স্ট্যাটাস মুছে গেলেও তা ব্যক্তিগতভাবে সংরক্ষিত থাকবে। ফলে প্রিয় মুহূর্তের ছবি, ভিডিও বা স্ট্যাটাস আর চিরতরে হারিয়ে যাবে না।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস প্রকাশ করার ২৪ ঘণ্টা পর সেটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর সেই স্ট্যাটাস আর দেখা যায় না। তবে নতুন স্ট্যাটাস আর্কাইভ ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পুরোনো স্ট্যাটাস একটি ব্যক্তিগত আর্কাইভে দেখতে পারবেন।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে এই ফিচারের পরীক্ষামূলক সংস্করণ কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে। বিশেষ করে যারা বেটা ভার্সন ব্যবহার করছেন, তাদের মধ্যে অনেকে নতুন সুবিধাটি দেখতে পাচ্ছেন।
এই ফিচারের অন্যতম বড় সুবিধা হলো, স্ট্যাটাস আলাদা করে ডাউনলোড বা সংরক্ষণ করতে হবে না। ব্যবহারকারীর শেয়ার করা স্ট্যাটাস নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভে জমা হবে। পরে ইচ্ছা করলে সেই পুরোনো স্ট্যাটাস আবারও শেয়ার করা যাবে।
তবে গোপনীয়তার বিষয়েও গুরুত্ব দিয়েছে হোয়াটসঅ্যাপ। আর্কাইভে সংরক্ষিত স্ট্যাটাস শুধু সেই ব্যবহারকারীই দেখতে পারবেন, যিনি স্ট্যাটাসটি পোস্ট করেছিলেন। অন্য কোনো ব্যক্তি, এমনকি পূর্বে স্ট্যাটাসটি দেখে থাকলেও, আর্কাইভে থাকা সংস্করণ দেখতে পারবেন না।
নতুন সুবিধাটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডাটা বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে স্ট্যাটাস আর্কাইভ নামে একটি অপশন পাওয়া যাবে। সেটি চালু করলে ভবিষ্যতের স্ট্যাটাসগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হতে থাকবে।
সংরক্ষিত স্ট্যাটাস দেখতে হলে আপডেটস ট্যাবে গিয়ে উপরের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ট্যাটাস আর্কাইভ অপশনে প্রবেশ করলেই পুরোনো স্ট্যাটাসগুলো দেখা যাবে।
বর্তমানে ফিচারটি সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য উপলব্ধ থাকলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও বিস্তৃত পরিসরে চালু হতে পারে। তাই সর্বশেষ আপডেট ইনস্টল করার পরও যদি ফিচারটি আপনার ফোনে না আসে, তাহলে কিছুদিন অপেক্ষা করলেই সেটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ স্ট্যাটাস ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। কারণ এখন থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ২৪ ঘণ্টা পর হারিয়ে যাওয়ার বদলে ব্যক্তিগত আর্কাইভে নিরাপদে সংরক্ষিত থাকবে।