আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রোববার (১৪ জুন) ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ছয় ঘণ্টা ধরে চলা এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এতে রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) সহায়তা প্রদান করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্মায়রটস নামক এই ট্যাঙ্কারটিতে তদন্ত চলাকালে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আটকে রাখা হবে। এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে।
স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরও একটি বড় আঘাত। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।
প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া এ ধরনের শ্যাডো ফ্লিটের অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে। এটি পুতিনের যুদ্ধ পরিচালনাার জন্য জন্য বড় আঘাত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের পি-৮ বিমান এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নিয়েছে।
রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে তেল রপ্তানির জন্য জাহাজের এই ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহর পরিচালনা করে আসছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলছে, রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলের ৭৫ শতাংশই এই সাত শতাধিক বেশি জাহাজের বহর পরিবহন করে। এটি ক্রেমলিনের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। যুক্তরাজ্য ইতোমধ্যে এই বহরের ৫০০টিরও বেশি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সূত্র: বিবিসি