আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এবারও এর আয়োজক হিসেবে থাকবে মধ্যস্থতাকারী পাকিস্তান। খবর প্রেস টিভির।
সোমবার (১৫ জুন) ভোরে শেহবাজ শরিফ ঘোষণা দেন, পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত, তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদে উদ্বোধনী বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, ‘আজ মহান আল্লাহর অশেষ রহমতে বিশ্ব একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।’
তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে পাকিস্তানের জনগণ এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানাই।’
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে তিনি পাকিস্তানের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করেছে।
চলতি বছরের ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে যুদ্ধের অবসান করতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির শুরু থেকেই ইরানের উত্থাপিত ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়। গত ৬০ দিনে দুই দেশের রাজধানীতে একাধিকবার ওই খসড়া পর্যালোচনা করা হয়েছে।
আলোচনার বিভিন্ন পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরে। তবে নানা চাপ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের মধ্যেও ইরান তার অবস্থানে অনড় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী ৬০ দিনের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় দেশ আরও নিবিড় আলোচনা চালাবে।