আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের এক ব্যাটালিয়ন প্রধানসহ চার সেনা নিহত হয়েছেন। গোষ্ঠীটির পৃথক হামলায় বাহিনীর আরও অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে সমঝোতা স্মারকে পৌঁছানোর পর এ হামলা হয়েছে। এটি দুপক্ষের মধ্যে সবশেষ সংঘর্ষ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, এলাকাটিতে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে ইরান ক্ষোভ প্রকাশ করেছে। এ কারণে সম্ভবত শুক্রবারের নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকটি বাতিল হয়েছে।
আইডিএফ বলছে, মধ্যরাতের দিকে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দর গেডালিয়া বেন সিমহোনের ট্যাংকে আঘাত করে। এতে ট্যাংকে থাকা চার সেনা নিহত হন। নিহত বাকিদের নাম পরে প্রকাশ করা হবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েল।
সিমহোন উত্তর ইসরায়েলের কিবুতজ বেইত হাশিতার বাসিন্দা ছিলেন। তিনি বর্ডার ডিফেন্স কর্পসের কমব্যাট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৪০১তম ব্রিগেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলাকালীন তিনি নর্দার্ন কমান্ডের প্রধানের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
টাইমস অব ইসরায়েল বলছে, সিমহোনের ট্যাংকে হামলার কয়েক ঘণ্টা পর কাফার তিবনিতে কমান্ডো ব্রিগেডের ওপর আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। এতে পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আইডিএফ বলেছে, বৃহস্পতিবার রাত থেকে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাদের ওপর গোষ্ঠীটির বেশ কয়েকটি হামলা চালানোর পর এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসরায়েল বলছে, নাবাতিয়েহ এবং দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায়এসব হামলায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার, রকেট লঞ্চার এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাতভর ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটিতে ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত অন্তত তিন হাজার ৭৮৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১১ হাজার ৬৯৯ জন আহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি