শনিবার, ২৭ জুন, ২০২৬, ০৮:৫১:১৫

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলার অভিযোগ ওঠার পর এ হামলা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার জানিয়েছে, ‘বৃহস্পতিবারের হামলার কড়া জবাব হিসেবে এ হামলা করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সেন্টকমের ঘোষণার পর ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলার খবর পাওয়া যায়।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, তখন ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর একমুখী হামলায় ব্যবহৃত অন্তত চারটি ড্রোন ব্যবহার করেছে।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ড্রোনগুলোর একটি বড় এবং অত্যন্ত মূল্যবান একটি পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

তিনি আরও দাবি করেন, আমরা বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছি। স্পষ্টতই এটি আমাদের যুদ্ধবিরতি চুক্তির একটি বোকামিপূর্ণ লঙ্ঘন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে