সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ০৪:৫০:২৬

যে ভয়ঙ্কর ফাঁদ হোয়াটসঅ্যাপে, সাবধান হউন এখনই

যে ভয়ঙ্কর ফাঁদ হোয়াটসঅ্যাপে, সাবধান হউন এখনই

আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। আর বিপুল এই ব্যবহারকারীকেই লক্ষ্য করে প্রতারকেরাও প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিয়ে সক্রিয় হচ্ছে।

ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে প্রতারণা; এসব ঘটনা এখন প্রায় প্রতিদিনই ঘটছে। অনেক ক্ষেত্রে একটি ভুল ক্লিকেই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পাশাপাশি ব্যাংক হিসাব থেকেও টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকেরা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সন্দেহজনক বার্তা চেনার কয়েকটি সহজ নিয়ম জানা থাকলে এ ধরনের অধিকাংশ প্রতারণা এড়িয়ে চলা সম্ভব।

 অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সতর্ক থাকুন
 
অচেনা কোনো নম্বর থেকে হঠাৎ বার্তা এলে শুরু থেকেই সতর্ক থাকুন। বিশেষ করে যদি সেখানে আকর্ষণীয় চাকরির অফার, মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি, অযাচিত প্রশংসা বা জরুরি সাহায্যের কথা বলা হয়। অনেক সময় প্রতারকেরা ভুল নম্বরে বার্তা পাঠানোর ভান করে কথোপকথন শুরু করে।

 আবার কখনও নিজেদের নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বা পরিচিত কারও বন্ধু পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। পরে সুযোগ বুঝে প্রতারণা করে। তাই এমন বার্তার জবাব না দিয়ে নম্বরটি ব্লক ও রিপোর্ট করাই সবচেয়ে নিরাপদ।
 
লগইন বা তথ্য যাচাইয়ের নামে পাঠানো লিংকে ক্লিক করবেন না

 
প্রতারকেরা এমন অনেক ভুয়া ওয়েবসাইট তৈরি করে, যা দেখতে ব্যাংক, সরকারি দফতর, কুরিয়ার প্রতিষ্ঠান বা জনপ্রিয় অ্যাপের আসল ওয়েবসাইটের মতোই মনে হয়। তাই অপরিচিত কারও পাঠানো কোনো লিংকে ক্লিক করবেন না। পরিচিত কেউ পাঠালেও আগে নিশ্চিত হয়ে নিন সেটি সত্যিই তিনি পাঠিয়েছেন কি না।
 
মনে রাখতে হবে, কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে অ্যাকাউন্টে লগইন করতে বা ব্যক্তিগত তথ্য দিতে বলে না। এমনকি অনেক ব্যাংক গ্রাহকদের আগেই জানিয়ে দেয়, তারা এ ধরনের টেক্সট বার্তার মাধ্যমে কখনো তথ্য চায় না।
 
ওটিপি বা স্ক্রিন শেয়ার করবেন না
 
কোনো ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান বা বৈধ সেবাদাতা সংস্থা কখনোই হোয়াটসঅ্যাপে ওটিপি চায় না। তাই কারও সঙ্গে ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন। কারণ, ওটিপি অন্যের হাতে গেলে আপনার ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
 
একইভাবে কেউ যদি ফোনে কথা বলার সময় স্ক্রিন শেয়ার করতে বলে, তাতেও রাজি হবেন না। স্ক্রিন শেয়ার করলে আপনার ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ, পাসওয়ার্ড, ওটিপিসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রতারকেরা সহজেই দেখতে পারে।
 
পরিচিত মানুষের পরিচয়ে টাকা চাইলে আগে নিশ্চিত হোন
 
সম্প্রতি প্রতারণার একটি নতুন কৌশল ব্যাপকভাবে দেখা যাচ্ছে। প্রতারকেরা নতুন নম্বর থেকে পরিবারের সদস্য-যেমন ছেলে, মেয়ে, ভাই বা বোন পরিচয় দিয়ে বার্তা পাঠায়। এরপর কোনো জরুরি সমস্যার কথা বলে দ্রুত টাকা পাঠাতে অনুরোধ করে।
 
এমন পরিস্থিতিতে কোনোভাবেই তাড়াহুড়ো করে টাকা পাঠাবেন না। আগে ওই ব্যক্তির পরিচিত নম্বরে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।
 
সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন
 
হোয়াটসঅ্যাপে সন্দেহজনক নম্বর রিপোর্ট করা খুবই সহজ। এজন্য সংশ্লিষ্ট চ্যাটটি খুলে উপরের নামের ওপর চাপ দিন। এরপর নিচে স্ক্রল করে ‘রিপোর্ট’ অপশন নির্বাচন করুন। চাইলে একই সঙ্গে নম্বরটি ব্লকও করতে পারবেন।
 
রিপোর্ট করার বিষয়টি প্রেরক জানতে পারে না। তবে সাম্প্রতিক কয়েকটি বার্তা হোয়াটসঅ্যাপের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়, যা প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে সহায়তা করে।
 
সেটিংসে কিছু পরিবর্তন এনে বাড়ান নিরাপত্তা
 
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস পরিবর্তন করলেও নিরাপত্তা অনেকটাই বাড়ানো যায়। এজন্য অ্যাপের সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’ অপশন থেকে প্রোফাইল ছবি, স্ট্যাটাস এবং সর্বশেষ অনলাইনের তথ্য শুধু পরিচিত ব্যক্তিদের জন্য দৃশ্যমান রাখুন। পাশাপাশি ‘কলস’ অপশনে গিয়ে ‘সাইলেন্স আননোন কলারস’ চালু করলে অপরিচিত নম্বর থেকে আসা কল আপনাকে বিরক্ত করবে না।
 
এছাড়া ‘অ্যাকাউন্ট’ থেকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করে ছয় সংখ্যার একটি পিন সেট করুন। এতে কেউ আপনার নম্বর অন্য কোনো ডিভাইসে নিবন্ধনের চেষ্টা করলেও অতিরিক্ত নিরাপত্তা স্তর কাজ করবে।
 
হোয়াটসঅ্যাপে হ্যাকিং বা প্রতারণা নতুন কোনো ঘটনা নয়। প্রতিনিয়ত প্রতারকেরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। তাই প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে